রাজধানীর মধ্য বাড্ডায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ায় নাসিম আহমেদ ইমাদ উদ্দিন খুনের ঘটনায় প্রধান আসামি আসিফ শিকদারকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কুমিল্লা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) আশরাফুল করিম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপিএল নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ায় গত ৯ নভেম্বর সকালে খুন হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম। এ ঘটনায় নাসিমের বাবা আলী আহমেদ সাইফুদ্দীন বাদী হয়ে রাতেই বাড্ডা থানায় মামলা করেন।
মামলায় আবদুর রশিদ, রমজান ও আসিফ নামে স্থানীয় তিন যুবক ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
নিহত নাসিম গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাতের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। ৩ মাস আগে তিনি বিয়ে করেছেন।
এএস





