কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। রোববার রাতে তাদের আটক করা হয়েছে বলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানিয়েছেন।
তিনি জানান, বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন বাগান এলাকায় ৬/৭ জনের রোহিঙ্গা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদ পেয়ে রোববার মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলো- আবু বকর সিদ্দিক (২০), মো. আনোয়ার (২০), মো. ফারুক (২২), ইমরান (২২) ও খায়ের মোহাম্মদ (২০)। আটকরা সবাই কুতুপালং এবং বালুখালী শরণার্থী ক্যাম্পে থাকে। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে ঠাঁই নিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অস্ত্রসহ আটক পাঁচ রোহিঙ্গার বিরুদ্ধে র্যাব-৭ এর ডিআইডি আমিন বাদী হয়ে উখিয়া থানায় সোমবার একটি মামলা দায়ের করেছেন।
এমএ





