গোপীবাগে সিক্স মাডার মামলার চার আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হচ্ছেন- আজমির, গোলাম সারওয়ার, জিয়াউল ইসলাম ও আল আমিন।

বুধবার চারজনকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান ডিবি ইন্সপেক্টর আবুয়াল মাতুব্বর। শুনানি শেষে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনূস খানের আদালত।

গত বছরের ২১ ডিসেম্বর রাতে রাজধানীর ওয়ারী থানার গোপীবাগের ভাড়া বাসায় ‘আধ্যাত্মিক সাধক’ ও ‍তার ছেলেসহ ৬ জনকে জবাই করে হত্যা করে দুবৃত্তরা। গোপীবাগের জিয়া মাঠের কাছে আর কে মিশন রোডের জজ গলির ৬৪/৬ নং ‘আয়না ভিলা’ নামের চারতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ‘আধ্যাত্মিক সাধক’ লুৎফর রহমান (৫৫), তার ছেলে মনির হোসেন (৩০), রাসেল (৩৭), শাহীন (২৪), মজিবর (৩৬) ও বাড়ির কেয়ারটেকার মঞ্জু (৩৫)।

সন্ধ্যা ৬টার দিকে ৮/১০ জন দুর্বৃত্ত ওই বাসায় প্রবেশ করে। দুর্বৃত্তরা ওই ফ্ল্যাটে প্রবেশ করে নারীদের আলাদা একটি কক্ষে বেঁধে মুখে স্কচ টেপ সেঁটে আটকে রাখে। এরপর পুরুষদের আরেকটি কক্ষে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করে।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ