রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার বিসিএস মার্কেটের দ্বিতিয় তলার “লেদার বুটিকস” নামের দোকানে অভিযান চালিয়ে বাঘ-হরিণের চামড়া দিয়ে তৈরী আসবাব পত্র উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার সন্ধ্যার দিকে সিআইডি উত্তরের তেজগাঁওয়ের একটি টিম এ অভিযান চালায় বলে টোইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন সিআইডি তেজগাঁও জোনের পরিদর্শক আতাউর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানে বাঘের চামড়া দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ, সাপের চামড়ার তৈরী ভ্যানিটি ব্যাগসহ পূর্নাঙ্গ চামড়া, হরিণের চামড়া দিয়ে তৈরি ব্যাগসহ চামড়া, সাপের চামড়ার তৈরী বেল্ট, মেছো বাঘের চামড়া, গুই সাপের চামড়া, সাপের চামড়া দিয়ে তৈরি বেল্টসহ সাপের চামড়া উদ্ধার করা হয়।

এছাড়াও অন্যান্য আরও অনেক চামড়া এবং এসবের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি বুঝতে পেরে এসবের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে বিকেল চারটার সময় সিআইডি সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলনে আরো বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এমআর/এআই