আইনজীবীদের হয়রানি না করার দাবি জানিয়েছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, খালেদা জিয়া যেন আইনগত সহায়তা না পান, সে জন্যই পুলিশ মোহাম্মদপুরে আইনজীবীদের বৈঠক ঘেরাও করেছিল।

সুপ্রীম কোর্টের বার ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

আইনজীবী সমিতির নেতা মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে আইনগত সহায়তা দেওয়ার বিষয়ে সিনিয়র আইনজীবী সাবেক বিচারপতি টি এইচ খানের বাসায় সুপ্রীম কোর্টের সভাপতিসহ সিনিয়র আইনজীবীরা আলোচনা করছিলেন। এ সময় র‌্যাব, পুলিশ, ডিবির সদস্যরা তাদের প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ রেখে আতঙ্ক সৃষ্টি করে।

তিনি বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে সরকারের কাছে এর ব্যাখ্যা চাই।

সমিতির সম্পাদক আরও বলেন, ‘মক্কেলদেরকে আইনগত সহায়তা দিতে পারবেন কি না এ নিয়ে দেশের আইনজীবীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।’

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড মামলার বিষয়ে আইনজীবী সমিতির সম্পাদক আরও বলেন, এই মামলায় খালেদা জিয়ার কোনো সম্পৃক্তা নেই। রাজনীতি থেকে দূরে রাখার জন্যই সরকারের নির্দেশে দুদক এ সব মামলা দায়ের করেছে।’

তিনি বলেন, ১/১১ এর সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্য মামলা দেয়া হয়েছিল। পরবর্তী সমেয় শেখ হাসিনার মামলা প্রত্যাহার করা হলেও খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করা হয়নি।

এর আগে, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আইনগত সহায়তা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরে বিচারপতি টি এইচ খানের বাসায় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা বৈঠক করেন। এ সময় পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাদেরকে প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ করা হয়।

এমকে