রাজধানীতে বিভিন্ন সময়ে আটককৃত ভূঁয়া ডিবি পুলিশ সম্পর্কে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ডিবি যখন কোন অভিযানে যায় তখন নির্ধারিত জ্যাকেট ও পরিচয় পত্র পড়েই অভিযানে যায়।

তবে নির্দ্দিষ্ট জ্যাকেট ও পরিচয় পত্র (আইডি কার্ড) ব্যতীত যারা অভিযান করে সবাই ভুঁয়া ডিবি বলে বিবেচিত হবে।

রাজধানীতে ৩ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতারের ব্যাপারে সোমবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

গ্রেফতারকৃতরা হলেন- ভূয়া ডিবি আবু বকর সিদ্দিক, মো. আবুল হোসেন ও মো. শরীফ হোসেন ওরফে জনি।

তিনি বলেন, রোববার সকালে রাজধানীর এ্যালিফেন্ট রোড এলাকা থেকে ভূয়া ডিবি পরিচয়ে চাদাবাজি করার সময় আবু বকর, আবুল ও শরীফকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাপ, একটি ওয়ারলেস সেট, একটি মাইক্রোবাস ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যুগ্ম-কমিশনার বলেন, দুই থেকে তিন বছর ধরে তারা ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা ও আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ভূঁয়া ডিবি পুলিশের হাত থেকে সাধারণ মানুষের সতর্ক থাকার ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, আমরা যখন অভিযানে যায় তখন ওই এলাকার থানায় অবহিত করি।

যে বাসায় অভিযান করা হয় সেই বাসার গেটে আমাদের পূর্ণ পরিচয় দেওয়া হয়। তাছাড়া অভিযান কারিদের কাছে ডিবি নির্ধারিত জ্যাকেট এবং পরিচয় পত্র থাকে।

এসকল ব্যাপারে যদি কারো সন্দেহ হয় তাহলে তাৎক্ষনিকভাবে নিকটস্থ থানা কিংবা আমাদের কন্ট্রোল রুমে জানানোর জন্য তিনি সকলকে অবহিত করেন।

তিনি বলেন, আমরা চাই আপনাদের(গণমাধ্যম) মাধ্যমে সাধারণ জনগণকে সতর্ক করতে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অসংখ্য ভূঁয়া ডিবি পুলিশ গ্রেফতার করা হয়েছে। এরা শুধু ডিবির রুপ ধারণ করেনা র‌্যাব, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সময়ে তারা বহুরুপ ধারণ করে থাকে।

হ্যান্ডকাপ, ওয়ারলেস সেট ইত্যাদি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা আছে কিনা এমন প্রশ্নের ব্যাপারে যুগ্ম-কমিশনার বলেন, এগুলো মার্কেটেই কিনতে পাওয়া যায়।

তবে এগুলো ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোন আইন নেই। তবে এ ব্যাপারে নতুন আইন প্রণয়নের জন্য সংস্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি।

জনগণের সতর্কতার জন্যে গাড়িতে ডিবির স্টিকার ব্যবহার করা যায় কিনা এমন প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, অপারেশনের উদ্দ্যেশ্য অনুযায়ী আমাদের কিছু নিয়ম থাকে। সেটাকে বিবেচনায় রেখে গাড়িতে স্টিকার ব্যবহার করার বিষয়টা চিন্তা করে দেখা হবে।

এমআর/এসএইচ