ঋণখেলাপির দায়ে নিলামে উঠছে বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানের ধানমন্ডির বাড়ি। জিএমজি এয়ারলাইন্সের নামে সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ না করায় এই নিলামের সিদ্ধান্ত নেয় ব্যাংক কতৃপক্ষ।১২ জুলাই একটি জাতীয় দৈনিকে নিলাম বিজ্ঞপ্তি দেয় সোনালী ব্যাংক।
বিজ্ঞপ্তি অনুসারে, চলতি বছরের ৩০ মে পর্যন্ত জিএমজির কাছে ব্যাংকের মোট পাওনা ২২৮ কোটি ১৯ লাখ টাকা। আগামী ৩ আগস্ট ব্যাংকের লোকাল অফিস ৩৫-৪২ মতিঝিলে এ নিলাম অনুষ্ঠিত হবে।
এ নিয়ে চলতি বছরের ২২ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হলে নড়েচড়ে বসে সোনালী ব্যাংক। সিদ্ধান্ত নেয় টাকা আদায়ের। আর এর অংশ হিসেবে শেষ পর্যন্ত পাওনা টাকা না পেয়ে নিলাম ডাকতে বাধ্য হয়েছে ব্যাংকটি।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক ফনীন্দ্র ত্রিবেদী বলেন, নিলাম ডাকার আগে পাওনা আদায়ে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু তারা টাকা না দেয়ায় শেষ পর্যন্ত বন্ধকি সম্পত্তি নিলাম করে টাকা আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরো বলেন, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা অর্থঋণ আদালতে মামলা করবেন। আর মামলার ভিত্তি হল দু'টি।
প্রথমত, নিলামে জমি বিক্রি করে ব্যাংকের ঋণের পুরো টাকা পাওয়া না গেলে অথবা বিডিংয়ে কেউ অংশ না নিলে। এই দুই অবস্থায় সাধারণত অর্থঋণ আদালতে মামলা করা হয়। এরপর আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত আসবে।
এদিকে ঋণখেলাপি হয়েও আইন লংঘন করে সম্প্রতি বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সালমান এফ রহমান।





