জাতীয় পার্টির নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ হয়েছে। মঙ্গলবার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেবেন তদন্ত সংস্থা।
প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে জানাতে সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে (সেফ হোম) এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান, জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার এ প্রতিবেদন দেওয়া হবে প্রসিকিউশনের কাছে। প্রসিকিউশন এ প্রতিবেদনের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবেন ট্রাইব্যুনালে।
তদন্ত সূত্রে জানা গেছে, এরশাদের জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার ১৯৭১ সালে পিরোজপুরের মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। তার শ্বশুর ছিলেন মুসলিম লীগের নেতা। শ্বশুরের হাত ধরেই মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা ও মানবতাবিরোধী নানা অপরাধ সংঘটিত করেন তিনি।
মুক্তিযুদ্ধে শহীদ বিনোদ বিহারী বিশ্বাসের ছেলে যজ্ঞেস বিশ্বাস বাদী হয়ে ১৯৭২ সালে জব্বার ইঞ্জিনিয়ারকে প্রধান আসামি করে স্থানীয় দুই শতাধিক রাজাকারের বিরুদ্ধে হত্যা, লুট, অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু পঁচাত্তরের পট-পরিবর্তনের পর এখানে স্বাধীনতাবিরোধীদের উত্থানের কারণে মামলা দু’টি ধামাচাপাসহ সব নথিপত্র গায়েব হয়ে যায়।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]