৭১’র মানবতাবিরোধী অপারাধের মামলায় জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। প্রসিকিউশনের ৩২ তম সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মনোয়ারা বেগমের জেরা শেষে আদালতের নির্দেশে প্রসিকিউটর রানা দাশ গুপ্ত কায়সারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে এ তিনি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
এর আগে সকালে কায়সারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার এ মামলার তদন্তকারী কর্মকর্তা মনোয়ারা বেগমের জেরা শেষ করেন।
কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশন তিন কর্মদিবস তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপর আগামী ৪ আগস্ট থেকে আসামীপক্ষকে যুক্তিতর্ক শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ মামলায় ৩১ জন সাক্ষী কায়সারের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। আসামীপক্ষ তাদেরকে জেরাও করেন।
গত ২ ফেব্রুয়ারি সৈয়দ কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২। গত বছরের ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।
কায়সারের বিরুদ্ধে গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি এবং ধর্ষণের দু’টিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত ৪ মার্চ তার বিরুদ্ধে সূচনা বক্তব্য প্রদান করেন প্রসিকিউশন।
গত ৯ মার্চ থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন শুরু হয়। গত বছরের ১৫ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ মে কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী।
ঢাকা, কেএ, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





