বাল্যবিয়ের আয়োজন করায় নীলফামারীতে কনের বাবাসহ বর ও কনেপক্ষের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবেত আলী এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গাইবান্ধা পাড়া গ্রামের কনের বাবা তোরাব আলী (৩০), নিকটাত্মীয় ময়নুল ইসলাম (২৮), আবু সায়িদ (৪৩), মনোয়ার হোসেন (২৫) এবং বরের নিকটাত্মীয় দবির উদ্দিন (৩৫), উমর ফারুক (৩৬), আব্দুর রহিম (২৬), আবু বক্কর সিদ্দিক (৪৫), আব্দুল আলিম (২৮) ও সিরাজুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গাইবান্ধা পাড়ার তোরাব আলী অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের সকল আয়োজন করা হয় শুক্রবার রাতে। ডিমলা উপজেলার বালাপাড়া গ্রামের দক্ষিণ সুন্দরখাতা গ্রাম থেকে বরযাত্রীরা বিয়ের জন্য ওই বাড়িতে আসেন। খবর পেয়ে কনের বাবাসহ ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাসহ কনেপক্ষের ময়নুল, সায়িদ ও মনোয়ারকে ২৫ দিন এবং বরপক্ষের দবির, উমর, রহিম, বক্কর, আলিম, ও সিরাজুলকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেন ইউএনও সাবেত আলী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, কনের বাবা তোরাব আলী ডিমলা উপজেলার সাইফুল ইসলামের (২২) সঙ্গে মেয়ের  বিয়ে ঠিক করেছিলেন।

 

 

ওএফ