নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীকে কুমিল্লায় আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়।
কুমিল্লার বুড়িচং থানার অফিসার ইন চার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের একটি দল বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে রহম আলীকে আটক করে। তিনি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী।
সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, পলাতক নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলী। তিনি খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ওই খুনের ঘটনায় তাঁর কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তাঁকে নারায়ণগঞ্জে আনা হচ্ছে।
রহম আলীর নামে একটি অস্ত্রের লাইসেন্স ছিল, যা সাত খুনের ঘটনার পর জেলা প্রশাসন বাতিল করে।
কেএইচ/জেআই





