শিশু সৌরভকে গুলি করে আহত মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের পর গাইবান্ধায় নেয়া হয়েছে।

রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে গাইবান্ধায় নেয়া হয়।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাসান সর্দার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এমপি লিটনকে সকাল সাড়ে ৬টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন।

এদিকে এমপি লিটন গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে সৌরভের পরিবার ও সুন্দরগঞ্জ উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এমএইচ