চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলাল উদ্দিন (২৬) নামে এক যাত্রীকে ১১৫টি সোনার বারসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

রোববার সন্ধ্যায় শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকা আসলে একটি লাগেজসহ ওই যাত্রীকে আটক করা হয়। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

র‌্যাব-৭ চট্টগ্রামের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, দুবাই থেকে ওমান এয়ারলাইনসে করে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। তিনি শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ি পার্কিং এলাকায় যান। গোপন খবর পেয়ে র‌্যাব তাঁকে আটক করে।

এ সময় তাঁর কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার ও ১৭৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এ ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কীভাবে ওই ব্যক্তি শুল্ক কর্মকর্তাদের ফাঁকি দিলেনতা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ