দিনভর বিক্ষোভ। রাস্তা অবরোধ। নো ভ্যাট, গুলি কর- প্ল্যাকার্ড প্রদর্শন, স্লোগানে -স্লোগানে মুখরিত রাজপথ। উত্তপ্ত, উত্তাল এবং অচল ঢাকা। সীমাহীন দুর্ভোগ। টিউশন-ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে এই ছিল গতকালের দৃশ্যপট।

রাজধানীর কমপক্ষে ছয়টি স্পটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে ঢাকার রাপা প্লাজার সামনে ধানমন্ডি ২৭ নম্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সাড়ে আটটার দিকে ‘জয় বাংলা’ বলে কয়েকজন যুবক হামলা চালান। এ সময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এর দু-এক মিনিট পর হামলাকারী যুবকেরা পুলিশের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় পুলিশের সদস্যরা তাঁদের বলেন, ‘এখানে দাঁড়ানো যাবে না।’ এ ঘটনার পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বাড়লে ওই যুবকেরা চলে যান। আবার রাত নয়টার দিকে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে দ্রুত চলে যান। এ হামলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা আবার পথরোধ করে আন্দোলন শুরু করেন।

পুলিশের নীরব দাঁড়িয়ে থাকার ব্যাপারে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘আন্দোলনকারীরা নিজেরা নিজেরা মারামারি করছে, আমরা আটকাব কেন?’ শিক্ষার্থীরা মারামারি করলেও আপনারা থামালেন না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের থামানোর দরকার কি?'

তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার কোন ঘটনা আমাদের জানা নেই।

বেসরকারি উচ্চশিক্ষায় সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে কয়েকমাস ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

এআই