সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি (১৮) হত্যাকাণ্ডে এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ১৬ জনের সংশ্লিষ্টতার প্রমান পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)।

পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার বলেন, নুসরাতকে পুড়িয়ে হত্যার পেছনে কার, কী ভূমিকা- তদন্তে সব বের করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র এই মাসের মধ্যেই দেওয়া হবে।

আজ (০৪ মে) শনিবার দুপুরে রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পিবিআই প্রধান এইসব কথা বলেন।

বনজ কুমার মজুমদার বলেন, হত্যাকাণ্ডটির বিভিন্ন পর্যায়ে ১৬ জনের সংশ্লিষ্টতা এ পর্যন্ত বের হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগপত্র দেওয়া হবে।

এদিকে, সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান বনজ কুমার।

পিবিআই প্রধান জানান, নুসরাত হত্যাকাণ্ডের অভিযোগপত্র এক মাসের মধ্যে দেওয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

তদন্ত প্রক্রিয়া নারীবান্ধব করার লক্ষ্যে নারী পুলিশ কর্মকর্তা রিমা সুলতানাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে নুসরাত হত্যাকাণ্ডের অপরাধ প্রমাণিত হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৯জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সোনাগাজী থানার ওসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর তাঁর মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে।

নারী নিপীড়নে তথ্য প্রযুক্তির অপব্যবহার শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘সাহসিকা নুসরাত, তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ’ এই স্লোগানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ সমান নম্বর পাওয়ায় উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়। নারী নিপীড়নে তথ্যপ্রযুক্তির অপব্যবহার নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

বনজ কুমার তাঁর বক্তব্যে আরও বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যাপক সংখ্যক নারীকে প্রতারিত করা হয়। নির্যাতনের শিকার বেশিরভাগ নারী মামলা করতে চায় না। এসব মামলায় শাস্তিও তুলনামূলক কম। যাদের শক্তি আছে, অর্থ আছে, সাহস আছে তারাই বিচার চায়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশের কাছে ক্রিমিনালদের ডাটাব্যাংক রয়েছে। যেখান থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া যাবে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি (১৮) আলিমের (এইচএসসি) আরবি পরীক্ষা প্রথমপত্র দিতে মাদ্রাসায় যান। এরপর তাঁকে কৌশলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যান নুসরাত। পরের দিন ১১ এপ্রিল বিকেলে জানাজা শেষে নুসরাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন। আলোচিত এ মামলা এজহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই।

এমবি