রাজধানীর খিলক্ষেত পূর্বপাড়া এলাকা থেকে অপহরণ চক্রের তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি খিলক্ষেত ৭৪/ক পূর্বপাড়ার মোঃ মনির হোসেন এর ছেলে আবরার হোসেন সানী(৩)।

রবিবার ভোর ৬টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।

গ্রেফতার কৃতরা হলেন, মোঃ আবুল বাসার(৩৫), মোঃ কাওসার(২৫) এবং মোঃ রাসেল(২০)।

তিনি বলেন, গত ১৭ জুন খিলক্ষেত এলাকা থেকে মোঃ মনির হোসেনের ছেলে আবরার হোসেন সানী(৩) কে তার বাসার সামনে থেকে অপহরণ করে।

পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলবে বলেও তারা হুমকি দেয়।

মাকসুদুল আলম আরো বলেন, পরে ভিকটিমের বাবা খিলক্ষেত থানায় একটি জিডি দ্বায়ের করেন। এবং র‌্যাব-১ এর একটি দল গোয়েন্দা কার্যক্রমের এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমেই সন্দেহাতিত ভাবে ভিকটিমের পিতার দোকানের কর্মচারী আবুল বাসার ও রাসেলকে খিলক্ষেত কুড়াতলী এলাকা হতে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার ভোর ৬টার দিকে ওই তিন অপহরণকার কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর/এসএইচ