ঢাকার শাহবাগ থানার বিশ্রামকক্ষ থেকে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) সার্ভিস পিস্তল ও ১৬ রাউন্ড গুলি খোয়া গেছে। গত ০৫ মে(রোববার) ওই ঘটনা ঘটলেও আজ (০৮ মে) পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে দায়িত্বে গাফিলতির অভিযোগে হিমাংশু সাহা নামের ওই এএসআইকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অস্ত্র ও গুলি খোয়া যাওয়ার ঘটনায় ১টি মামলাও করা হয়েছে।

আজ (০৮ মে) বুধবার বিকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এইসব তথ্য জানান।

ওসি হাসান বলেন, গত ০৫ মে (রোববার) ডিউটি শেষ করে বিশ্রাম কক্ষে যান এএসআই হিমাংশু। কিছুক্ষণ পর তিনি জানান তার সার্ভিস পিস্তল ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যাচ্ছে না। এরপর থানার ভেতরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুজেঁও অস্ত্র ও গুলির সন্ধান মেলেনি। আমরা ধারণা করছি সেগুলো চুরি করা হয়েছে।

শাহবাগ থানার ওসি আরও বলেন, অস্ত্র ও গুলিগুলো উদ্ধারে অভিযান চলছে। সিসি ক্যামেরা দেখে একজনকে সন্দেহ করা হচ্ছে, তাকে ধরতে পুলিশের একাধিক সংস্থা কাজ করে যাচ্ছে। আশা করছি শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। 

এমবি