ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভেতরে জুস খাইয়ে অচেতন করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

ভুক্তভোগীরা হলেন- রোগী মিতা আক্তার (২৫), তার ছোট বোন খুশি আক্তার (২০) ও আরেক রোগীর স্বজন শাহিনূর (৪০)।

এদের মধ্যে মিতা মানিকগঞ্জের শিবালয় উপজেলার চাইরপাড়া গ্রামের রিকশা চালক মামুনের স্ত্রী। তার ছোটবোন খুশি থাকেন একই উপজেলার চর বোশটমিতে। পেশায় গার্মেন্টস কর্মী তিনি। আর শাহিনূরের বাড়ি দিনাজপুরের দিরিরবন্দর উপজেলায়। তার স্বামীর নাম আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বলেন, সোমবার (১৮ অক্টোবর) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভেতর চেতনানাশক খাইয়ে তিনজনের টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করা হয়। তাদের স্টোমাক ওয়াশ করানো হয়েছে। বর্তমানে গাইনি ওয়ার্ডের বেডেই তাদের চিকিৎসা চলছে।

ভুক্তভোগী মিতার শ্বশুর আনোয়ার হোসেন বলেন, চার দিন আগে মিতাকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার ছোটবোন খুশি ওয়ার্ডের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। পরে মধ্য রাতে রোগীর খোঁজ নিতে গিয়ে দেখা যায়, মিতা ও তার ছোটবোন অচেতন হয়ে পড়ে আছে। একই সময়ে শাহিনূর নামে অপর এক রোগীর স্বজনকেও জুস খাইয়ে অচেতন করা হয়।

ঢামেক হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা আনসার সদস্য প্লাটুন কমান্ডার (পিসি) শাহ আলম বলেন, গাইনি ওয়ার্ডে একটি ঘটনা ঘটেছে। অপরিচিত নারীর দেওয়া জুস খেয়ে তিনজন অচেতন হয়েছিল। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এমবি