মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করার অনুমতি পায়নি তার পরিবারের সদস্যরা।
কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী শনিবার বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে দেখা করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে শুক্রবার আবেদন করা হয়েছিল। কারা কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি।
তারা জানিয়েছেন, জেল কোড অনুসারে দেখা করার সুযোগ দেওয়া যাবে না। যখন সময় আসবে ঠিক তখনই দেখা করা যাবে।’
কারাগার সূত্র জানায়, গত বুধবার সকাল সাড়ে ১০টায় কামারুজ্জামানের সঙ্গে স্ত্রী সন্তানসহ পরিবারের ১০ সদস্য দেখা করেছেন। এরপর বৃহস্পতিবার তার আইনজীবীরা দেখা করেন। শনিবার দেখা করার সুযোগ চেয়ে শুক্রবার আবেদন করা হলে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী গণমাধ্যমকে বলেন, ‘জেল কোড অনুসারে কামারুজ্জামানের সঙ্গে তার পরিবার সদস্যদের দেখা করার সুযোগ নেই। এ কারণে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।’
জেএ





