একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারির আদেশ দেন।
এর আগে তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার চেয়ে ট্রাইব্যুনালে একটি আবেদন করেন মামলার প্রসিকিউটর মোহাম্মাদ আলী। এসময় তাকে সাহায্য করেন অপর প্রসিকিউটর আবুল কালাম আযাদ। পরে আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন। তবে গ্রেপ্তারের স্বার্থে সাংবাদিকদের কাছে আসামিদের নাম প্রকাশ করেননি উক্ত প্রসিকিউটর।
উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে কমপ্লেইন কেইস নম্বর ১/৪/২০১৫। আসামিদের বিরুদ্ধে তদন্তে মোট ৫টি অভিযোগ উঠে এসেছে। হত্যা, গণহত্যা, আটক ও নির্যাতনের মোট ৫টি অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের কার্যক্রম এগিয়ে চলেছে। তবে তদন্তসংস্থা তদন্ত শেষে খুব শিগগির মামলার সব তথ্য-প্রমাণাদি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর দাখিল করবেন বলে জানা গেছে।
এমএইচ





