মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বুধবার সকাল ৯ টা ২০ মিনিটে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

সকাল ৯টার দিকে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ট্রাইব্যুনালের উদ্দেশে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে ট্রাইব্যুনালে রায় ঘোষণার কার্যক্রম শুরু হওয়ার কথা।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার দিন ধার্য করেন।

চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন।

অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। চেয়ারম্যান হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিম এটিই প্রথম রায় দেবেন।

এর আগে গত ২৪ জুন নিজামীর যুদ্ধাপরাধের রায় ঘোষণার দিন ধার্য করা হলেও ওই দিন সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। ফলে সেদিন রায় ঘোষণা করেননি ট্রাইব্যুনাল।

গত ২৪ মার্চ মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

জেএ