রাজধানীতে এক দোকান কর্মচারীকে অস্ত্রমুখে পিটিয়ে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহতের নাম মো. মাহবুব (২৪)।

রোববার রাত ৮টার দিকে চকবাজার ইসলামবাগ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

মো. মাহবুব ইসলামবাগে অবস্থিত আজাদ ট্রেইডার্সের কর্মচারী।

মালিক আজাদ সংবাদমাধ্যমকে জানান, আমরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে মালামাল ক্রয় করি। পরে সেগুলো সারাদিন বেঁচাকেনা করে সন্ধ্যায় বাকি টাকা পরিশোধ করি। প্রতিদিনের মতো রোববার রাত ৮টার দিকে কর্মচারী মাহবুবকে ৬০ হাজার টাকা দিয়ে পাওনা টাকা পরিশোধ করতে পাঠাই।

টাকা নিয়ে চকবাজার ইসলামবাগ কমিউনিটি সেন্টারের সামনে পৌছালে স্থানীয় ৪/৫ জন ছিনতাইকারী মাহবুবকে কিলঘুষি মেরে এবং ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীদের নাম বলতে না পারলেও মাহবুব তাদের দেখলে চিনতে পারবেন বলেও জানান আজাদ।

ঢাকা, ২৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস