অগ্রণী ব্যাংকের ৯৪ কোটি টাকা আত্মসাতের মামলায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য এ খবর নিশ্চিত করে জানান, বুধবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জমিতে ভবন নির্মাণের নামে আয়-ব্যয়ের ভুয়া হিসেব দেখিয়ে তিনি অগ্রণী ব্যাংক থেকে ১০৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করান।ওই ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮ লাখ টাকা আত্মসাত করেন।

এ ব্যাপারে রাজধানীর মতিঝিল থানায় দুদক একটি মামলা দায়ের করে। গত ৩০ জুন ওই মামলায় অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান, ডিজিএম আক্তারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক শফিউল্লাহকে গেপ্তার করা হয়। মামলাটিতে মিজানুর হরমমান ছাড়াও ৭ ব্যাংক কর্মকর্তাসহ মোট আটজনকে আসামি করা হয়। 

প্রণব ভট্টাচার্য আরো জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে আরো তিনটি মামলা প্রক্রিয়াধীন। ওই মামলা তিনটিতে তার বিরুদ্ধে আরো ১১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হবে। দুদকের তদন্তকর্মকর্তা সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় এ মামলা দায়ের করবেন। আগামীকাল বৃহস্পতিবার সর্বমোট ২২০ কোটি টাকার চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

এসএম