বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বুধবার এ পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু কোনো প্রতিবেদন আদালতে দাখিল না হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত পরবর্তী দিন ধার্য করেন।
২০১৪ সালের ২১ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব আওয়ামী লীগের লালসালু।
এই লালসালুকে ঘিরে থাকা ভন্ডরাই নিজেদের স্বার্থে যাকে তাকে রাজাকার আখ্যা দেয়। অথচ মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই।
তারেক রহমান আরো বলেন, আওয়ামী লীগ দাবি করে তাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল, অথচ চোরের দল চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমন একটি কাজ করার জন্য তাহলে তো শেখ মুজিবই বড় রাজাকার।
এসব বক্তব্যের প্রেক্ষিতে দলীয় সম্মানের হানি হবার অভিযোগ এনে আ্ওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের নেতা মনির হোসেন মোল্লা মামলাটি দায়ের করেন।
এসএইচ





