আদালত অবমাননার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. হারুন-অর-রশিদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিশ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রব চৌধুরী এবং তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রভাষক হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতাদী না দেওয়ায় তিনি ২০১৬ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
ওই রিট মামলার রায় অনুযায়ী হাফিজুর রহমানের বেতন-ভাতাদী পরিশোধ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেণ হাইকোর্ট। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা দীর্ঘদিন পার হয়ে গেলেও তিনি বেতন-ভাতাদী থেকে বঞ্চিত থাকেন। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. হারুন-অর-রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই রুল জারি করেন।
জারিফ





