ডেমরায় জেসমিন আক্তার (২৬) নামে এক স্ত্রীর মুখমন্ডলে এসিড নিক্ষেপ করেছে তার স্বামী আমীর হোসেন (৩৫)। এতে তার কপাল, গাল ও গলা পুড়ে গেছে।
ঘটনার পর থেকে স্বামী আমীর হোসেন পলাতক রয়েছে। জেসমিনের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায় বলে জানা যায়।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডের মোসলেম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে প্রতিবেশীরা দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, বেশ কিছুদিন ধরে আমীর হোসেন জেসমিনকে পরকীয়া নিয়ে সন্দেহের চোখে দেখে। আর এসব বিষয়ে পারিবারিক কলহে জড়িয়েও পড়েছেন তারা।
এ ঘটনায় আজ সকালে আমীর জেসমিনকে ছেড়ে চিরতরে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আমীর ঘরে থাকা এসিড জেসমিনের মুখে ছুড়ে মারেন। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার আহমেদ বলেন, ঘটনাস্থলে ওসি তদন্ত সিরাজুল ইসলামকে পাঠানো হয়েছে। পরে ঢাকা মেডিকেলেও পুলিশ পাঠানো হয়েছে। আর এ ঘটনায় ডেমরা থানায় মামলা হবে।
এসএইচ





