বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার অন্যতম আসামি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মৃত্যুবরণ করায় আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে কেরানীগঞ্জের কারা ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের অস্থায়ী আদালত এ আদেশ দেন।

২ মার্চ প্রথম দিনের এক ঘণ্টার শুনানির পর বৃহস্পতিবার শুনানির দ্বিতীয় দিন ধার্য করেন আদালত।  এ মামলার অন্যতম আসামির মৃত্যু হওয়ায় আজ আদালত শুনানি না করে ২৫ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে ওই দিন ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যু প্রতিবেদন দাখিল করতে গুলশান থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন।  

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অন্য আসামিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী প্রয়াত একেএম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এমআর