রাজধানীর যাত্রাবাড়ীতে গৃহকর্ত্রী রওশন আরা ও গৃহকর্মী কল্পনা আক্তার হত্যার ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন সাঈদ হাওলাদার ও রিয়াজ নাগরালী। তাঁদের মধ্যে সাঈদের বাড়ি ঢাকায় আর রিয়াজের বাড়ি কুমিল্লায়। বিচারক তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৪ মার্চ বিকেলে উত্তর যাত্রাবাড়ীর ৫৬ নম্বর কলাপট্টিতে ‘বাবার প্রাসাদ’ নামে তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে রওশন আরা (৬৫) ও গৃহকর্মী কল্পনার (১২) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যার সময় আসামিরা ওই বাড়ি থেকে টাকা, ল্যাপটপ, মুঠোফোন চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরের দিন রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

চলতি বছরের ২৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন সাঈদ হাওলাদার ও তাঁর বন্ধু রিয়াজের নামে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর দুই আসামি সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান লিখন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আবদুস সবুর ও জাকির হোসেন।

এমবি