কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির অন্তর্বর্তী জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজের আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার আবেদন শেষে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম জানান, দুদকের একটি মামলায় আবদুর রহমান বদি বর্তমানে আটক আছেন।
বদির জামিন আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার তাকে ৬ মাসের জামিন দেন বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম দেখানোর অভিযোগে দুদক গত ২১ আগস্ট বদির বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করেন। এ মামলায় আবদুর রহমান বদি গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান।
অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৬ অক্টোবর মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতও তার জামিনের আবেদন খারিজ করেন। এ আদেশের বিরুদ্ধে সোমবার আবদুর রহমান বদি হাইকোর্টে রিভিশন আবেদন করে জামিন চান।
কেএ/ এআর





