নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১০ আগস্ট পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ ৯-এর বিচারক আমিনুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। সেই সাথে, ওই দিন খালেদা জিয়াসহ বাকি আসামিদের আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জানান, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অসুস্থতার কারণে এবং মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করায় অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করা হয়।
গত বছরের ১৮ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ।
মামলাটি বাতিলে খালেদা জিয়ার পক্ষে করা রিট আবেদন ও এ সংক্রান্ত রুল খারিজ এবং বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাঁকে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। তবে নিম্ন আদালতকে তাঁর জামিনের বিষয়টি বিবেচনায় নিতে বলেছেন উচ্চ আদালত। নাইকো ছাড়াও গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দুটিও বিচারিক আদালতে চলবে বলে চূড়ান্ত রায় দিয়ে খালেদা জিয়াকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এসএম





