মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ষাইটঘর এলাকায় সোমবার রাতে যাত্রা মঞ্চে যুবলীগ নেতার হামলায় শাহীনুর রহমান শাহান (৪০) নামে একজন নিহতের ঘটনায় তেওতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই হামলায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে লালচাঁনকে (৩০) উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অনুষ্ঠানে অতিথি ও সম্পৃক্ত না করায় স্থানীয় তেওতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা চলছে। এলাকাবাসী জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রাতে ষাইটঘর উচ্চ বিদ্যালয় মাঠে “নিজাম খুনি” যাত্রাপালার আয়োজন করা হয়। তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আকবর যাত্রার উদ্বোধন করে চলে যান।
এরপর যাত্রা শুরু হলে সোয়া একটার দিকে মাসুদের নেতৃত্বে ১০-১৫ জন লাঠি হাতে মঞ্চে হামলা চালায়। তারা লাইটিং, সাউন্ড সিস্টেমসহ মঞ্চ ভাঙচুর করে। এ সময় বেশকিছু দর্শক এগিয়ে গেলে তাদের হামলার শিকার হন। এতে ঘটনাস্থলে শাহীনুর রহমান নিহত হন। শাহীনুর উত্তর তেওতা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
কেএ





