ব্রাজিল থেকে চারশ কোটি টাকার আমদানি করা গম আদৌ মানুষের খাওয়ার উপযোগী কি-না, সরকারের কাছে তা জানতে চেয়েছে আদালত। খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আদালতে জানাতে হবে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চে মঙ্গলবার এই আদেশ দেয়। বিষয়টি আগামী ৫ জুলাই আবার আদালতের কার্যতালিকায় আসবে।

এর আগে গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের অধীন পচা গম আমদানির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট পাবেল মিয়া।

রিটে খাদ্য সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও দুর্নীতি দমন কমিশনকে বিবাদী করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সম্প্রতি ব্রাজিল থেকে গম আমদানি করে। পরবর্তী সময়ে ওই গম মানহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মর্মে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা যায়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়।

সর্বশেষ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষার ফলে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা গম নিম্নমানের।

এ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, টিআইবিসহ বিভিন্ন মহল থেকে খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। তবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বরাবরই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমদানি করা গম একটু নিম্নমানের, তবে সেটি খাওয়ার উপযোগী।’একটি বিশেষ মহল এই প্রপাগাণ্ডা ছড়িয়ে সুবিধা নিতে চাইছে বলেও দাবি করেন তিনি।

এআর