জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ৩ জুলাই ধার্য করছেন আদালত।

রোববার ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নুরুজ্জামান পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

রোববার এ মামলার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। সাক্ষী না আসায় রাষ্ট্র পক্ষের আইনজীবী এসএম রফিকুল ইসলাম ট্রাইব্যুনালে সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল ৩ জুলাই দিন ধার্য করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে মামলা করে। মামলার আসামিরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম ও খান মোহাম্মদ রইস, দর্শন বিভাগের মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুন্ডু অভি, মো. মাহমুদুল হাসান মাসুদ, রাশেদুল ইসলাম, ইসতিয়াক মেহবুব, অরূপ, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, জাহিদ হাসান, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকালে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করে।

পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর