পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে উসকানিমূলক বক্তব্য দেয়ায় সাতক্ষীরার এসপি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হাইকোর্টে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।
আজ (২০ আগস্ট) বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য রাখা হয়।
রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
পুলিশের যে দুই কর্মকর্তার কথা রিটে উল্লেখ করা হয় তাঁরা হলেন- সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান শেলী।
শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও উসকানিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে পুলিশের দুই এসপির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ১৬ আগস্ট রিটটি দায়ের করেছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।
রিটে বিবাদী করা হয়েছিল মন্ত্রিপরিষদের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের।
এমবি





