ময়মনসিংহের হালুয়াঘাটে অশ্লীল ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার অভিযোগে গ্রেফতার হওয়া মোজাম্মেল হককে (২৫) আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, ৫ বছর আগে উপজেলার বাঘাইতলা গ্রামের মানিক মিয়ার ছেলে ও প্রাইভেট শিক্ষক মোজাম্মেল হক স্থানীয় হালুয়াঘাট বাজার এলাকার এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করে রাখেন। পরে তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইউটিউবে ছড়িয়ে দেন।

ঘটনার শিকার ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, পরিবার থেকে গত কয়েকদিন আগে বিয়ের জন্য বলা হলেও প্রতারক প্রাইভেট শিক্ষক জানান প্রয়োজনে ৫ লাখ টাকা খরচ করবে কিন্তু বিয়ে করবে না।

পরে মেয়েটির বাবা এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করলে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ।

এমকে