একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের ৫ আসামির মধ্যে ২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বাকি ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
এর আগে আজ সকাল পৌনে ১১টার দিকে দীর্ঘ ২০২ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা।
আসামি নেছার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর শামসুল আলম চৌধুরী, মোবারক ও ইউনুছ আমৃত্যু কারাদণ্ডাদেশ পেয়েছেন।
আসামিদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন। বাকিরা পলাতক।
আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের মোট ৫টি অভিযোগ রয়েছে এই মামলার ৫ জনের বিরুদ্ধে।
২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। ২০১৬ সালের ২৬ মে এই ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
গত বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকেলেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরী (৬০)’কে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভী ইউনুছ আহমদ (৭০)’কে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এরপর ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এমবি





