মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার (৭২)কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে সেফহোমে নিয়ে এক দিন জিঞ্জাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আগামী ২০ আগষ্ট তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয়েছে। অপরদিকে সিরাজ মাস্টার নিজেই তার পক্ষে মামলা পরিচালনা করতে আবেদন জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
আদালতের নির্দেশে আজ সিরাজ মাষ্টারকে বাগেরহাট কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২০ জুলাই রাত সাড়ে ১০টায় বাগেরহাট মডেল থানা-পুলিশের একটি দল বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ডেমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ১০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল কসাই সিরাজ নামে খ্যাত এই সিরাজ মাস্টারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে তার বিরুদ্ধে বাগেরহাটে ছয়টি গণহত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামে সাতজনকে, একই উপজেলার রণজিতপুর গ্রামে ৪২ জনকে, কান্দাপাড়া গ্রামে ১৮ জনকে, কচুয়া উপজেলা সদরে পাঁচজনকে, একই উপজেলার শাঁখারীকাঠি গ্রামে ৪২ জনকে এবং রামপাল উপজেলার ডাকরা গ্রামে ৬০০ থেকে ৭০০ জন নারী-পুরুষকে হত্যা। বাগেরহাটের এসব হত্যাকাণ্ডে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঢাকা, কেএ,৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





