বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার এ মামলার গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে পুলিশের পক্ষ হতে কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম শামছুল আরেফিন (সিএমএম) পরবর্তী এ দিন ধার্য করে আদেশ দেন। চলতি বছরের ১৩ জানুয়ারি আদালত তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ নভেম্বর লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ড. তুহিন মালিক বলেন, ‘সংবিধানে মুজিবের কাহিনী, নাস্তিকতা ও ধর্মহীনতার মতো বিষয় জুড়ে দেওয়া হয়েছে। এগুলো কেয়ামত পর্যন্ত কেউ সংশোধন করতে পারবে না। এগুলো যে বাতিল করার চেষ্টা করবে তার ফাঁসি হয়ে যাবে।’

ড. তুহিন মালিক আরো বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চান, মানুষ সেটা হয়তো বোঝে না। কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা—কিছুই থাকবে না, ইনশাআল্লাহ!’

তুহিন মালিকের এমন বক্তব্যের পর বাংলাদেশ ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক গোলাম রাব্বানী ২০১৪ সালের ১০ ডিসেম্বর আদালতে নালিশী মামলাটি দায়ের করেন।

এএইচ