লালমনিরহাটে ব্যাটারী চালিত একটি ইজিবাইকসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্র রাতে ও শনিবার ভোরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও নীলফামারী জেলার ডিমলায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইকসহ ওই ৪ ছিনতাইকারীকে আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৪ মার্চ হাতীবান্ধা উপজেলার আজিজ মোড় এলাকা থেকে পবিত্র কুমার নামে একটি ব্যক্তির ব্যাটারী চালিত ইজি বাইকটি ছিনতাই হয়।
ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার রাতে হাতীবান্ধা থানা পুলিশের ওসি (তদন্ত) সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল নীলফামারী পুলিশের সহযোগিতায় ডিমলা চাপানী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে ছিনতাই হওয়া ইজি বাইকটি উদ্ধারসহ রওসন সর্মা নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেন।
পরে তার দেয়া তথ্য মতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ও দঃ গড্ডিমারী এলাকায় শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে নুরল হক, সাইদুল ইসলাম ও আব্দুল জলিল ওরফে বুদু নামে আরও ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে শনিবার সকালে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নুরনবী/এমআর