গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে দুই মেয়র প্রার্থীর আবেদনের ওপর শুনানি আজ অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুই প্রার্থীর স্থগিত আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থাপন করা হয়।

আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এ সময় রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মেয়র প্রার্থীদের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল শুনানি করেন।

প্রসঙ্গত রবিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়। পাশাপাশি ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

এই স্থগিতাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ও আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ সিটি নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন।

জেড