রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবেবংশাল থানা এলাকায় এক পৃথক অভিযানে দুই কসমেটিকস বিক্রেতাকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার র্যাব ও বিএসটিআই-এর যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন,আনোয়ার হোসেন (৩০) এবং সানোয়ার হোসেন (৩৫)।
এসময় ১৫ নম্বর মালিটোলার হাজী বাড়ি এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে ১৮টি ভেজাল পণ্যের গুদাম জব্দও করা হয়েছে।
আটক আনোয়ার জানান, জিলেট,নেভিয়া,হিড অ্যান্ড সোল্ডারস, পন্ডস, সানসিল্ক, প্যারাসুট, ডাব, ক্লিয়ার ম্যান শ্যাম্পু, ফেয়ার অ্যান্ড লাভলী, ভ্যাসলিন, ভাটিকা ও ফগসহ বিভিন্ন নামী-দামী সব ব্র্যান্ডের প্লাষ্টিক বোতল এবং কম মূল্যে কেনা বোতল সংগ্রহ করে নকল কসমেটিকস বাজারজাত করেন তারা।
চাহিদা অনুযায়ী অন্যান্য কসমেটিকস ব্যবসায়ীকে এসব কসমেটিকস পাঁচ থেকে ছয় টাকা দরে সরবরাহ করে থাকেন বলেও জানান তিনি।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা টাইমনিউজবিডিকে বলেন, দুপুর থেকে অভিযান চালিয়ে বিকেল পর্যন্ত প্রায় ১৮ টি নকল কসমেটিকস গুদাম জব্দ করা হয়েছে। এসময় ভেজাল কসমেটিকস বিক্রির দায়ে দুইজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএসটিআই-এর আইনে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ঢাকা,জেইউ,৭ জুলাই(টাইমনিউজবিডি.কম)// এআর





