আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে মীর ইকবাল হোসেন পদত্যাগ করেছেন। রোববার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আইনমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্র জমা দেন তিনি।
ওই পত্রে মীর ইকবাল উল্লেখ করেন, অসুস্থ থাকায় তিনি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। তাই তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান।
এর আগে গত ১ থেকে ৩১ মে পর্যন্ত চিফ প্রসিকিউটরের কাছ থেকে তিনি ছুটি নেন। ছুটি শেষ হলেও আর কাজে যোগ দেননি।
মীর ইকবাল হোসেন ২০১২ সালের ২৯ এপ্রিল প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত হন। শুরুর দিকে জামায়াতের অআমির মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার দায়িত্ব পালন করলেও পরে তাকে সরিয়ে দেয়া হয়।
এর আগে গত ৭ আগস্ট প্রসিকিউটর একেএম সাইফুল ইসলামকে অপসারণ করে আইন মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বরাবর পাঠানো এক প্রজ্ঞাপনে শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অপসারণ করা হয় তাকে।
একেএম সাইফুল ইসলাম গত চার মাস আগে দুই সপ্তাহের ছুটি নিয়ে বিদেশে যান। এরপর থেকে তিনি দেশেও ফিরে আসেননি, প্রসিকিউশনকেও কিছু জানাননি।
ঢাকা, কেএ, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





