জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার তিনি আদালতে যাবেন না বলে জানা যায়। তাঁর পক্ষে আদালতে সময়ের আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি চলছে।
জিয়া দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ আজ খালেদা জিয়ার হাজির হওয়ার কথা। আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা জানান, খালেদা জিয়া তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। তা ছাড়া তিনি অসুস্থ। এ কারণে তিনি আজ আদালতে যেতে পারছেন না।
খালেদা জিয়ার পক্ষে তাঁর এক আইনজীবী আজ বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে সময়ের আবেদন করেছেন। আবেদনের ওপর শুনানি চলছে।
বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী জানান, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার-আতঙ্কে তাঁরাও আজ আদালতে যাচ্ছেন না।
এসএইচ





