দুর্নীতির দায়ে অভিযুক্ত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোন কর্তৃত্ববলে মন্ত্রী ও এমপিপদে বহাল রয়েছেন তা জানতে চেয়ে রিট করেছেন সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।
মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিট আবেদনটি দায়ের করেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি উপস্থাপন করা হবে জানা গেছে।
দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় মায়াকে হাইকোর্টের খালাসের রায় বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ২৪ জুন প্রকাশ করা হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই মায়ার মন্ত্রীত্ব ও এমপি পদে থাকা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
রায় প্রকাশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, ‘আমার মতে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী মায়ার সংসদ সদস্যপদ থাকা উচিত নয়। এটি একটি বিতর্কের বিষয়। সুতরাং এ বিষয়ে সংসদে আলোচনা হতে পারে।’
যদিও ভিন্নমত প্রকাশ করেন দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় মায়ার বিরুদ্ধে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।
এআই/





