রাজধানীর পল্টনে মঙ্গলবার বিকেলে পুলিশের শটগানের গুলিতে হানিফ (৩৫) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। হাত, পেটে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এক কনস্টেবলের শটগান থেকে অসাবধানতায় গুলি বের হওয়ায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল তিনটার দিকে পল্টন মোড়ে রিকশা নিয়ে দাড়িয়ে ছিলেন চালক হানিফ। এ সময় ওই এলাকায় দায়িত্বরত এক কনস্টেবলের শটগান থেকে গুলি বের হয়ে তার শরীরে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।
হানিফের ডান হাত, পেটে ও পিঠে গুলি লেগেছে। ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলেই তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হানিফের গ্রামের বাড়ি মুরাদনগর কুমিল্লা। বাবার নাম ফজলুল হক। তিনি ঢাকায় যাত্রাবাড়ির মীরহাজিরবাগ এলাকায় থাকতেন।
পুলিশের মতিঝিল ডিসি আনোয়ার হাসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পল্টনে দায়িত্বরত এক কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। সেই গুলি হানিফের শরীরে লেগেছে। তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। প্রয়োজনে তার আরও উন্নত চিকিৎসা করানো হবে।
এ ঘটনায় একজন এডিসির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ওই কনস্টেবলের কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমবি





