শ্যামলী আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহানা আক্তারকে তল্লাশির নামে ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠার পর রাজধানীর আদাবর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কুমারকে সাময়িক বরখাস্ত করেছে ডিএমপি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার আজ সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

আশা ইউনিভার্সিটির ছাত্রী ফারহানা আক্তার অভিযোগ করেছিলেন, রোববার বিকেলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বই কিনতে শিয়া মসজিদের দিকে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় মসজিদের বিপরীতে থাকা আদাবর থানার এসআই রতন কুমারসহ পুলিশের তিন সদস্য তাকে জোর করে রিকশা থেকে নামান। এরপর তার কাছে ইয়াবা আছে কি না জানতে চান ওই দারোগা। এতে ফারহানা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এক পর্যায়ে শিয়া মসজিদের বিপরীতে একটি ইলেকট্রিকের দোকানে নিয়ে যান তাকে। সেখানে নিয়ে নানা অনৈতিক প্রস্তাবও দেন এসআই রতন।

ফারহানা অভিযোগ করেন, ওই দারোগাকে তার পরিচয়পত্র দেখানোর পরও বারবার ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা করেন রতন। পরে ফারহানা রতনকে বলেন, স্থানীয় লোকদের সামনে তার ব্যাগ তল্লাশি করতে হবে এবং প্রয়োজনে থানায় যাবার কথা বলেন তিনি। কিন্তু তার এ প্রস্তাবে রাজি হননি রতন। এসময় রতন গর্ব করে ফারহানাকে বলেন, ‘আমার কাছে ওসি, ডিসি কিছুইনা, কারও কাছে নালিশ করেও কোন লাভ নেই’। তবে কোনো মিডিয়াকে এ বিষয়টা না জানানোর অনুরোধ জানান ওই দারোগা।

এমএম