কুড়িগ্রাম: বিবাদমান জমির দখল নিতে যেয়ে প্রতি পক্ষের উপর রিভলবার ঠেকিয়ে ভীতি প্রদর্শনের সময় অস্ত্রসহ আটক হয়েছে এক যুবক। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মনিডাকুয়া গ্রামে সংঘটিত এ ঘটনায় শুক্রবার রাতে রাজারহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের সানাউল্লার পুত্র সাইদুল গং এর সঙ্গে একই গ্রামের শাহাআলম খন্দকারের জমিজমা সংক্রান্ত বিরোধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এর জের ধরে শুক্রবার বিকেলে শাহাআলম খন্দকারের পুত্র ফেরদৌস আলম দীপু (৩৯) সহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক বিবাদমান জমির চারা ধান উপরে ফেলে জমির দখল নেয়ার চেষ্টা করে। এতে সাইদুল ইসলাম ও তার লোকজন বাধা দেয়।
এ সময় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ফেরদৌস আলম দীপু (৩৯) তার কোমরে লুঙ্গির প্যাচ থেকে রিভলবার বের করে রিভলবারের বাট দিয়ে সাইদুল ইসলামকে আঘাত করে। এতে সাইদুল ইসলামের অন্যান্য ভাইসহ এলাকাবাসী দীপুকে রিভলবারসহ আটক করে পুলিশে খবর দেয়।
পরে শুক্রবার সন্ধায় রাজারহাট থানার এস আই হাবিব এর নেতৃত্বে পুলিশ কাঠ লাগানো ১০ ইঞ্চি সাইজের একটি রিভলবার সহ তাকে গ্রেফতার করে। রাতে ফেরদৌস আলম দীপুসহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
এ ব্যাপারে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন জানান, আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
এর আগে রাতে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে প্রাথমিক পর্যায়ে প্রকৃত আসামি সনাক্তের বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসএ/টাইম





