বেকারি কর্মচারী আনোয়ারুল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে পাঁচ বছর কারাদণ্ড এবং দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আটজন আসামির সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০০৩ সালের ১১ জুলাই সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আসামিরা একই গ্রামের আনোয়ারুল ইসলাম নামের এক বেকারি কর্মচারীকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মামা ইয়াসিন আলি সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। পুলিশ এ মামলায় আটজনের বিরুদ্ধে চার্জশিট দেয়।
নথিপত্র পর্যালোচনা ও ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দেবনগর গ্রামের রাশেদুল ইসলাম রাশেদ, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, নুর ইসলাম ও আবদুল মোতালেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এছাড়া আসামি কামরুল ইসলামকে পাঁচ বছর কারাদণ্ড এবং আবু তালেব ও আশারতকে বেকসুর খালাস দেয়া হয়।
সরকারপক্ষে এ মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ওসমান গনি। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এসএম হায়দর ও অ্যাডভোকেট সফিউল ইসলাম।
এসএ





