নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হবে না। এই ময়নাতদন্ত হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাস প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুতোষ দাস বলেন, তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত করার জন্য এর আগে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হলেও, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সেটি স্থগিত করা হয়েছে। নারায়ণগঞ্জের পরিবর্তে এখন তাদের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করার জন্য পাঠানো হবে। তবে এখনো লাশগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালেই রয়েছে। কখন ঢাকায় পাঠানো হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এক প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জের সিভিল সার্জন বলেন, নিহত তিন জঙ্গির ময়নাতদন্তের পাশাপাশি ফরেনসিক টেস্ট এবং ডিএনএ টেস্ট করার প্রয়োজন হতে পারে। কিন্তু নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সে সব সুবিধা না থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

এসএ