ফুটবল খেলাকে কেন্দ্র করে গাইবান্ধার সাঘাটা উপজেলায় সন্ত্রাসীদের হামলায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বোনারপাড়া রেল স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম শফিকুল ইসলাম মুকুল। তিনি উপজেলা যুবলীগের সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে বোনারপাড়া ওয়াপদা মাঠে ফুটবল খেলা নিয়ে উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম মুকুলের দল ও ছাত্রলীগ নেতা আসাদুলের দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এই ঘটনার জের ধরে সন্ধ্যায় মুকুলসহ কয়েকজন নেতাকর্মী বোনারপাড়া রেল স্টেশনে গেলে আসাদুলের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের ওপর হামলা চালায়। এতে মুকুলসহ পাঁচজন আহত হন।

গুরুতর আহত মুকুলকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এই ঘটনার পর সাঘাটা উপজেলার ফুটানীবাজার এলাকায় হত্যাকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।